
বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোবারক হোসেন কাজী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোবারক হোসেন কাজী মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল জলিল কাজীর ছেলে।
স্থানীয়ভাবে তিনি ৭ নম্বর ওয়ার্ড মুলাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ৭ নম্বর ওয়ার্ড শফিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শফিপুর এলাকা থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল রোববার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।