
বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মেহেদী হাসান শাওন শরীফ (৩১) নামে শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মুলাদী থানা পুলিশ। গ্রেপ্তার মেহেদী হাসান শাওন শরীফ ওই এলাকার আব্দুস সাত্তার শরীফের ছেলে। তিনি মুলাদী সদর ইউনিয়ন শ্রমিক লীগের বিষয়ক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মুলাদী থানায় নেওয়া হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল রোববার তাকে আদালতে পাঠানো হবে।
মুলাদী থানার ইনচার্জ সোহেল রানা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে মেহেদী হাসান শাওন শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।