
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাড়ানি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম অভি মঠবাড়িয়া থেকে নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে তার সমর্থকেরা সাপলেজা ইউনিয়ন থেকে মঠবাড়িয়ার উদ্দেশে রওনা হন। পথে ভাড়ানি এলাকায় তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী নাসির খানের সমর্থকদের মুখোমুখি দেখা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অভির পক্ষের পাঁচ থেকে ছয়জন এবং নাসির খানের পক্ষের একজন আহত হন।
জাহিদুল ইসলাম অভির অভিযোগ, তাকে অভ্যর্থনা জানাতে আসার পথে তার সমর্থকদের ওপর আগে থেকে ওত পেতে থাকা নাসির খানের লোকজন হামলা চালান। এতে তার ছয়জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। এলাকায় তার জনসমর্থন বেশি থাকায় ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে নাসির খান বলেন, অভির সমর্থকেরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সমর্থকদের ওপর হামলা করেছেন। এ ঘটনায় ছাত্রদলের একজন কর্মীসহ তার পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সাপলেজা ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।