
ঝালকাঠির কাঠালিয়ায় মো. ওয়াসিম রেজা (৪৪) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আহত ওয়াসিম রেজার ছোট ভাই মো. সোহাগ হাওলাদার বাদী হয়ে কাঠালিয়া থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারের পূর্ব পাশে শিকারি বাড়ির সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে। আহত ওয়াসিম রেজা স্থানীয় যুবদল নেতা ও একটি এনজিওর কর্মী বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের জিসান খান ও তাঁর বাবা জিলাম খানের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ওয়াসিম রেজার সঙ্গে তাঁদের বিরোধ চলছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগ করা হয়েছে, রোববার বিকেলে ওয়াসিম রেজা বাড়ি থেকে কৈখালী বাজারে যাওয়ার পথে শিকারি বাড়ির সেতুর ওপর তাঁর অটোরিকশা থামিয়ে জিসান খান ও জিলাম খান চাইনিজ কুড়াল ও দা দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন এবং মারধর করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, দারিদ্র্য উন্নয়ন সংস্থা ও ঋণদান সমবায় সমিতির সদস্যদের কাছ থেকে আদায় করা ৫ লাখ ১৫ হাজার টাকা আসামিরা নিয়ে যান।
পরে স্থানীয়রা আহত ওয়াসিম রেজাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষে নিশ্চিত হবে।