
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগম এবং নারী নেত্রী মাহফুজা খাতুন, পদ্মরানী দত্ত, শামীম আরা, শিউলি কর্মকার, প্রভাবতী রানী, রেক্সোনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তারা বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করা এবং অপরাধীদের চিহ্নিত করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার দাবি জানান। একই সঙ্গে সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।