
ভোলার চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীর পাড়ে অবস্থিত মুজিবনগর ইউনিয়নের ‘ধলার চর মোতাহার ১ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ চরম অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির ভবনের নিচতলা নিয়মিত গরু-ছাগল রাখার স্থান হিসেবে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় স্থানীয় লোকজন গরু-ছাগল বেঁধে রেখেছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে উপস্থিত শিক্ষক মামুনকে দ্রুত বিদ্যালয়ের আঙিনা ও কক্ষ পরিষ্কার করতে দেখা যায়।
এদিকে গত সোমবার (২৩ নভেম্বর) বিদ্যালয়টিতে গিয়ে কর্মরত চারজন শিক্ষকের মধ্যে দুজনকে অননুমোদিতভাবে অনুপস্থিত পাওয়া যায়। তারা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. এনামুল এহসান।
এ ঘটনায় চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই দুই শিক্ষককে কৈফিয়ত তলব করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতি বিধিমালার লঙ্ঘন। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে বিদ্যালয়টির শিক্ষার্থী উপস্থিতির তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। বিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী, সেখানে মোট ৬০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকদের দাবি অনুযায়ী, এর মধ্যে ৩৮ জন নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে। তবে সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব মিলিয়ে মাত্র সাতজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক উপস্থিতি এবং শিক্ষার্থী উপস্থিতি—সব মিলিয়ে দীর্ঘদিন ধরে সেখানে অব্যবস্থাপনা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড় হিসেবে ব্যবহারের অভিযোগ এবং শিক্ষার্থী উপস্থিতির গরমিলের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।