মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
হাম উপসর্গে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে ৩১ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।
মৃত ৫ মাস বয়সী আলী আকবর মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর দাদপুর এলাকার আলামিনের ছেলে এবং ৬ মাস বয়সী আব্দুল আহাদ ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার মধ্য জয়নগরের চালতাতলীর ফয়জুদ্দিনের ছেলে। এদের মধে আলী আকবর ২৩ মে রাতে ভর্তি হয় এবং ২৪ মে রাতে তার মৃত্যু হয়, অপরদিকে আব্দুল আহাদ ২৪ মে সন্ধ্যায় ভর্তি হয়ে ২৫ মে ভোরে মৃত্যু হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের প্রশাসনিক শাখা জানায়, হাম উপসর্গে নিউমোনিয়া বড় আকার ধারণ করায় তাদের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ১৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৫৬১ জন রোগী হাসপাতাল ভর্তি ছিলো।
অন্যদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হাকিম বলেছেন, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৯ জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ১৬১ জন। বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গ থাকা রোগীর সংখ্যা ৬ হাজার ৪০৬ জন। বরিশাল বিভাগের মোট মৃত্যু সংখ্যা ৪৩ জন।