বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় করা হয়েছে লিখিত অভিযোগ।

মির্জাগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। আবেদনটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন উল্লেখ করেন, তার চাচা স্যানিটারি মিস্ত্রি ইউনুস সিকদারের গতকাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মৃধার বাড়িতে কাজ করতে যাওয়ার কথা ছিল। তবে অন্য একটি বাড়ির কাজ শেষ না হওয়ায় তিনি নির্ধারিত সময়ে সেখানে যেতে পারেননি।

অভিযোগে বলা হয়, বিকাল সাড়ে ৫টার দিকে নাজমুল মৃধা মোবাইল ফোনে ইউনুস সিকদারকে ফোন করে কাজে না যাওয়ার কারণ জানতে চান। কথোপকথনের একপর্যায়ে তিনি ইউনুস সিকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।

পরে বিষয়টি জানতে পেরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ইলিয়াস হোসেন নাজমুল মৃধাকে ফোন করে তার চাচাকে গালিগালাজের কারণ জানতে চান। এ সময় নাজমুল মৃধা তাকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ও দেখে নেওয়ার হুমকি দেন।

ইলিয়াস হোসেন দাবি করেন, এ ঘটনার পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেছেন, নাজমুল ইসলাম মৃধার বিরুদ্ধে প্রমাণসহ লিখিত অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost