মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পর তার লাশ হাসপাতালে রেখে চলে গেছেন স্বজনরা। এ ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়,মৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম, বয়স ৭৫ বছর। তিনি উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের বাসিন্দা। ডায়রিয়াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী যখন ভর্তি হয় সাথে তিনজন পুরুষ ছিল। স্যালাইন পুষ করার পরে মহিলাদের কাছে দায়িত্ব দিয়ে তারা চলে যান। রোগীর অবস্থা খারাপ হলে মহিলারাও চলে যান।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার সাদিয়া ফারজানা জানান, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর সঙ্গে থাকা স্বজনরা মরদেহ রেখে হাসপাতাল ত্যাগ করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও কেউ ফিরে না আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে। স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানা গেছে।