, , ,
শিকল বেঁধে বৃদ্ধকে ঘোরানোর ঘটনায় থানায় অভিযোগ, পাশে দাঁড়াল প্রশাসন

শিকল বেঁধে বৃদ্ধকে ঘোরানোর ঘটনায় থানায় অভিযোগ, পাশে দাঁড়াল প্রশাসন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের জিয়ানগরেচুরির অভিযোগে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি ও কলার ছড়া ঝুলিয়ে বৃদ্ধ রুহুল আমিন আকনকে রাস্তায় ঘোরানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার মেয়ে কুলসুম বেগম।

 

অভিযোগে তিনজনকে বিবাদী করা হয়েছে। এদিকে ভুক্তভোগী বৃদ্ধকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তাকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বৃদ্ধ রুহুল আমিনের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন ও ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি উপস্থিত ছিলেন।

রোববার সকালে প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশক্রমে রুহুল আমিনকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন।

 

এ ঘটনায় গত ২০ নভেম্বর রুহুল আমিনের মেয়ে কুলসুম বেগম বাদী হয়ে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে আ. হালিম (৬০), মো. জব্বার (৫৫) ও নেয়ামত উল্লাহ (২০) নামের তিনজনকে বিবাদী করা হয়েছে। তাদের মধ্যে আ. হালিম ও জব্বার কালাইয়া এলাকার বাসিন্দা এবং নেয়ামত উল্লাহ খোলপটুয়া এলাকার বাসিন্দা। অভিযোগে তাদের বিরুদ্ধে বৃদ্ধকে আটকে রাখা, মারধর ও অপমানজনকভাবে রাস্তায় ঘোরানোর অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর রাতে সুপারি চুরির অভিযোগে রুহুল আমিনকে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটে বলে তার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের ভাষ্য, রাত আনুমানিক ১টার দিকে প্রতিবেশী হালিম সিকদারের বাগান থেকে একছড়া সুপারি পাড়ার সময় তার ভাই জব্বার সিকদার রুহুল আমিনকে ধরে ফেলেন। পরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় মারধরের শিকার হওয়ার অভিযোগও করেন রুহুল আমিন।

পরদিন সকালে তার কোমরে শিকল বাঁধা অবস্থায় গলায় একটি কলার ছড়া ও একটি সুপারির ছড়া ঝুলিয়ে পার্শ্ববর্তী খা—এর হাট এলাকায় ঘোরানো হয়। পরে তাকে পুলিশের কাছে দেওয়ার প্রস্তুতিকালে স্থানীয় নাসির উদ্দিন তাদের কাছ থেকে রুহুল আমিনকে ছাড়িয়ে নেন বলে পরিবারের দাবি।

রুহুল আমিনের স্ত্রী মিনারা বেগম অভিযোগ করেন, তার স্বামীর কাছে ১০ হাজার টাকা জরিমানা দাবি করা হয়েছিল। পরে ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। তার দাবি, তার স্বামী মানসিকভাবেও সুস্থ নন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাদের সন্তানদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী রুহুল আমিন বলেন, ‘আমারে বাইন্দা রাখছে, মারছে। গলায় কলা ও সুপারি ঝুলাইয়া সব জায়গায় ঘুরাইছে, ভিডিও করে ভাইরাল করছে। হালিম হুজুর আর জব্বার এই কাম করছে।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হালিম সিকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলার জন্য বাসার সামনে অপেক্ষা করতে বলেন। পরে তার ভাইয়ের ছেলে ইন্দুরকানী সদর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান সিকদার ফোন করে দাবি করেন, তাদের পরিবারের কেউ রুহুল আমিনকে মারধর করেননি। তার ভাষ্য, রুহুল আমিন পেশাদার চোর এবং চুরি করতে গিয়ে ধরা পড়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে বেঁধে রেখেছিলেন। তবে তাকে এভাবে বেঁধে রাস্তায় ঘোরানো ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনার একটি ভিডিও দেখার পর তিনি ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost