সোমবার, ২২ Jun ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইলিশা নদীতে চলাচলকারী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের সময় দুই ব্যক্তিকে আটক করেছে কালীগঞ্জ নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন ভোলা সদর উপজেলার কালুপুর (১নং ওয়ার্ড) এলাকার মোঃ শাহাবুদ্দিন বেপারির ছেলে মোঃ সজিব বেপারি (২৮) এবং একই এলাকার মোঃ সিদ্দিক মাঝির ছেলে মোঃ মাইন উদ্দিন মাঝি (৩৫)।
কালীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মোঃ এনামুল হক জানান, সোমবার (২২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে নৌপুলিশের একটি টহল দল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর এলাকার ইলিশা নদীতে দায়িত্ব পালন করছিল। এ সময় নদীপথে চলাচলকারী বাল্কহেড থেকে দুই ব্যক্তি অবৈধভাবে চাঁদা আদায় করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত এক হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও নদীপথে চাঁদাবাজির একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। তারা পূর্বে জেলহাজত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
নদীপথে চাঁদাবাজি বন্ধে নৌপুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।