শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
বরিশাল জেলার হিজলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে হিজলা উপজেলা সদর টেকে বাস স্ট্যান্ড জামে মসজিদে ‘দেলোয়ার হোসেন দিলু স্মৃতি সংসদ’—এর উদ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আসর আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন দিলু স্মৃতি সংসদের সভাপতি শাহাবুদ্দিন প্যাদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দপ্তরি।
দোয়া মাহফিলে হিজলা উপজেলা বিএনপির রাজনীতির সাথে অতীতে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মরণ করা হয় মরহুম মোশারফ হোসেন ধলু প্যাদা, মরহুম দুলাল হোসেন কালু, মরহুম মাইনুল হাসান দুলাল, মরহুম আব্দুল হামিদ, মরহুম আব্দুল মান্নান খান এবং মরহুম আমির হোসেনসহ প্রয়াত সকল নেতাকর্মীকে। তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এছাড়া, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা প্রদান করতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া ও মোনাজাতে হিজলা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।