, , ,
বরিশালে টিআইবির সুশাসন কর্মশালায় তরুণদের দুর্নীতিবিরোধী প্রত্যয়

বরিশালে টিআইবির সুশাসন কর্মশালায় তরুণদের দুর্নীতিবিরোধী প্রত্যয়

টিআইবির উদ্যোগে বরিশালে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা: ২৬টি সংগঠনের ৪০ জন তরুণ প্রতিনিধির অংশগ্রহণ; দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

দেশের প্রতিটি স্তরে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা না গেলে কোনো উন্নয়নই দীর্ঘমেয়াদে টেকসই হবে না। আর এই সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণ সমাজকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে। আইনের শাসনকে সমুন্নত রেখে তরুণদের ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমেই কেবল দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়া সম্ভব।

আজ ১৯ জুলাই ২০২৬ নগরীর বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত “টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়” শীর্ষক এক দিনব্যাপী বিশেষ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)—এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বরিশালের বিভিন্ন প্রান্তের ২৬টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ৪০ জন নির্বাচিত তরুণ প্রতিনিধি অংশ নেন।

সনাক সভাপতি টুনু রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালাটি প্রধান বক্তা হিসেবে পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো—অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। তিনি প্রাতিষ্ঠানিক সুশাসনের মূল উপাদান, বৈশিষ্ট্য, এবং এর পথে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা থেকে উত্তরণের উপায়সমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করেন। একই সাথে তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহারের কৌশল নিয়ে তরুণদের দিকনির্দেশনা দেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ের তরুণ সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, তবে যেকোনো প্রাতিষ্ঠানিক অনিয়ম দূর করা সম্ভব।

স্বাগত বক্তব্যে সনাক—টিআইবি বরিশালের সদস্য কাজী সেলিনা বেগম তরুণদের দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করে বলেন, “এখানে উপস্থিত তরুণরা একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখে। আমাদের প্রত্যাশা, তারা নিজেরা যেমন ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে সুশাসনের চর্চা করবে, ঠিক তেমনই প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।

সভাপতির বক্তব্যে টুনু রানী কর্মকার তরুণদের প্রতি গভীর আস্থা ব্যক্ত করে বলেন, “তোমরা যে স্বেচ্ছাসেবার ভিত্তিতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে কাজ করছ, তা সত্যিই আশাজাগানিয়া। সব তরুণ যদি দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারে, তবে এই দেশ ও দেশের মানুষ ভালো থাকবেই।”
কর্মশালা চলাকালীন এক উদ্দীপনামূলক পরিবেশে উপস্থিত সকল তরুণ প্রতিনিধিকে টিআইবি’র দুর্নীতিবিরোধী বিশেষ শপথ বাক্য পাঠ করান সনাক—টিআইবি বরিশালের অন্যতম সদস্য জীবন কৃষ্ণ দে। তরুণরা যেকোনো পরিস্থিতিতে অন্যায়ের প্রতিবাদ ও দুর্নীতি প্রতিরোধে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের বরিশাল অঞ্চলের এরিয়া কো—অর্ডিনেটর মো: আশফাকুর রহমান। কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ শুরুতেই দলগুলোর সামনে তুলে ধরেন টিআইবি’র খুলনা অঞ্চলের ক্লাস্টার কো—অর্ডিনেটর মো: ফিরোজ উদ্দীন।
কর্মশালার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান গঠন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে দলভিত্তিক (গ্রুপ ওয়ার্ক) কার্যক্রমে অংশ নেন। তারা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তরুণ সংগঠকদের মুখোমুখি হওয়া বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের বাস্তবমুখী উপায়সমূহ সবার সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost