মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে নববিবাহিত কলেজছাত্রী সাদিয়া আক্তার শসী (২৩)-এর অনশনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোসাঃ কাজল রেখার ছেলে মোঃ কামরুল ইসলাম নিরব (২৯)-এর সঙ্গে বিবাহের দাবি করে সাদিয়া আক্তার শসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ম্যাটস কোয়ার্টারের সামনে অনশন শুরু করেছেন।
মেয়ের দাবি, কামরুল ইসলাম নিরবের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে এবং স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। এমনকি দাবি আদায় না হলে সরকারি কোয়ার্টার ত্যাগ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি চরমে পৌঁছালে আত্মহত্যার হুমকিও দিয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, কামরুল ইসলাম নিরবের বাবা বরিশাল সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মিয়া এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিরবের পরিবার এই সম্পর্ককে সামাজিক ও পারিবারিকভাবে গ্রহণযোগ্য মনে করছে না। সামাজিক অবস্থানের বিষয়টিও আপত্তির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও আশপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা বলছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অনশনরত কলেজছাত্রীর নিরাপত্তা ও মানসিক অবস্থাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply