
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মো. আবুল বাশার (৩০) নামের এক মাদক কারবারি জামিনে কারামুক্ত হওয়ার পর ফুলেল সংবর্ধনা পেয়েছেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা ঘিরে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার (১১ আগস্ট) জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে আসার পর ওই মাদক কারবারিকে ফুল দিয়ে বরণ করে নেন ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী। এদের উদ্যোগে কিছু সংখ্যক অপরিচিত যুবককে জড়ো করে উপজেলার সুবিদখালী থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জেলমুক্ত বাশার দফাদারকে এলাকায় নিয়ে আসা হয়। এরপর শিংবাড়িরতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধা, তাঁর ছেলে ও মাদক মামলার আসামি রাসেল মৃধাসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মী।
কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, সংবর্ধনায় অংশ নেওয়া ব্যক্তিরা সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদক ব্যবসা এবং সেবনের সঙ্গে জড়িত।
নেতাকর্মীরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন এবং তাঁর নির্দেশেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক কারবারিদের তালিকা তৈরি করছে—সেখানে দলীয় ও সরকারি নির্দেশ পুরোপুরি উপেক্ষা করে একজন মাদক কারবারিকে ফুলেল সংবর্ধনা দেওয়া চরম ঔদ্ধত্যের শামিল। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।