
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাবুগঞ্জ থানাধীন দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার নতুনহাটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বরিশাল জেলার পুলিশ সুপার এ, জেড, এম মুস্তাফিজুর রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন বাবুগঞ্জ থানার আগরপুর তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. দেলোয়ার হোসেন (পিপিএম) এবং তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।
বাবুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।