
ভোলায় মেঘনা নদীর তীরে আড্ডা দেওয়ার সময় হঠাৎ পাড় ধসে বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা অপর তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট মাছঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি স্থানীয়ভাবে ‘গরিবের দুবাই’ নামে পরিচিত।
নিখোঁজ যুবকরা হলেন— ভোলা পৌরসভার কালীবাড়ি রোড এলাকার ইব্রাহিমের ছেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মো. আমজাদ (২৮) এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার বাবুলের ছেলে মো. রাকিব (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সন্ধ্যার কিছু পরে আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ মোট ৫ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে নদীর তীর সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ তীরের একাংশ হঠাৎ নদীতে ধসে পড়ে। এতে ৫ বন্ধুই খরস্রোতা উত্তাল মেঘনা নদীতে পড়ে যান। তাদের মধ্যে ৩ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে নিখোঁজ হন। বেঁচে যাওয়া ৩ জনের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নিখোঁজ দুইজনকে খুঁজতে শুরু করেন। পরবর্তীতে নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় কোস্টগার্ড ও নৌ—পুলিশকে খবর দেওয়া হয়। তবে উদ্ধারকারী দল গিয়ে অভিযান চালিয়েও তাদের কোনো সন্ধান পায়নি।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঘটনার পরপর ৯৯৯—এ ও পুলিশকে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া মেলেনি। পরে ফায়ার সার্ভিসের নম্বরে ফোন দিয়ে ঘটনা জানালেও প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।
এদিকে খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা নদীর পাড়ে ছুটে আসেন। তাদের কান্নায় ও আহাজারিতে ভারী হয়ে উঠে মেঘনা নদীর পাড়।
বিষয়টি নিশ্চিত করে ভোলার ইলিশা নৌ—থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিখোঁজ দুইজনের সন্ধানে নৌ—পুলিশ ও কোস্টগার্ড নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে রাত ১২টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। সকালে ফের উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।