
বরিশাল সদর উপজেলার রায়পাশা—কড়াপুর এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. রাকিব খানকে ছাড়িয়ে নিতে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের কাছে সুপারিশ ও চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন নুরুল আমিন।
জানা গেছে, রায়পাশা—কড়াপুর এলাকায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মো. রাকিব খানকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পরে পুলিশ তাকে আটক করে।
অভিযোগ রয়েছে, আটক রাকিবকে ছেড়ে দেওয়ার জন্য সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন প্রথমে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছেও ফোন করে সুপারিশ করা হয় বলে একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে।
তবে রাকিব মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওই সুপারিশ আমলে নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এ ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির একাধিক নেতার মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তাদের কেউ কেউ বলছেন, বিএনপির কার্যালয় এবং দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসনের ছবি ভাঙচুরের মতো ঘটনায় কোনো আসামিকে দলীয় পরিচয় ব্যবহার করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ঘটনার পর পুলিশ রাকিব খানকে আটক করলেও তাকে ছাড়িয়ে নিতে বিভিন্ন পর্যায়ে তদবির করা হয়েছে। এ নিয়ে দলের ভেতরেও প্রশ্ন দেখা দিয়েছে।
আটক রাকিবের বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী বিমানবন্দর থানায় কর্মরত এএসআই কামাল হোসেন বলেন, “তার আটকের বিষয়ে আপনি ওসি স্যারের সঙ্গে কথা বলেন। আমি কিছু বলতে পারব না।”
রাকিবের আটকের বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, “আমি যতদূর জানি, সে (রাকিব) বিগত দিনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। মাঝখানে সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়েছে। তবে নির্বাচনের সময় বিএনপির হয়ে কাজ করেছে। আমি শুধু আটকের বিষয়ে খোঁজখবর নিয়েছি, কোনো সুপারিশ করিনি। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।”
এ বিষয়ে জেলা বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় কার্যালয় ভাঙচুর ও শীর্ষ নেতাদের ছবি ভাঙচুরের ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। কোনো নেতার পক্ষ থেকে আসামিকে ছাড়াতে পুলিশ বা প্রশাসনের ওপর চাপ প্রয়োগের ঘটনা সত্য হলে তা দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বহন করবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভাঙচুরের ঘটনায় প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দলীয় পরিচয় বা প্রভাব ব্যবহার করে কোনো আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হয়ে থাকলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে থানা সূত্রে জানাযায় আটককৃত রাকিবকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করে বরিশাল মেট্রোপলিটন থানা।পরে তাকে কারাগারে প্রেরন করে আদালত।