, , ,
শিরোনাম
তালতলীতে জমি বিরোধে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তালতলীতে জমি বিরোধে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি বসতঘরে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রহিম মৃধা গং দের বিরুদ্ধে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা এলাকার এমদাদুল গং দের সঙ্গে রহিম মৃধা গং দের ছয় একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। জমি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস—বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, বিরোধের জের ধরে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রহিম মৃধার নেতৃত্বে ৪০—৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এমদাদুলের বাবা কালু হাওলাদারের বসতঘরে হামলা চালায়। একপর্যায়ে ঘরটিতে আগুন ধরিয়ে দিলে তা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ভুক্তভোগী কালু হাওলাদার বলেন, “আমরা দুই বছর ধরে এই ঘরে বসবাস করছি। বিকেলে আমরা বসতঘরে না থাকায় ওই সুযোগকে কাজে লাগিয়ে রহিম মৃধাসহ বহিরাগত লোকজন এসে আমার বাবার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করা হয়।”

তবে অভিযোগ অস্বীকার করে রহিম মৃধা বলেন, “তারা আমাদের জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছে। আমাদের ফাঁসাতে তারা নিজেরাই নিজেদের ছোট একটি ঘরে আগুন দিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।”

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost