
বরগুনার বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ মো. শামীম মিহাজি (৩১) ও মো. শাহজালাল দফাদার (৩০) নামে দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে বামনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান সঙ্গীয় এসআই মো. শহীদুল ইসলাম ও পুলিশ সদস্যদের নিয়ে ডৌয়াতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ছোনবুনিয়া এলাকায় একটি বাড়ির সামনে মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মো. শামীম মিহাজির পরিহিত হাফ শার্টের বাম পকেট থেকে ১০ পিস এবং মো. শাহজালাল দফাদারের পরিহিত প্যান্টের বাম পকেট থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শামীম মিহাজি ছোনবুনিয়া গ্রামের মো. জামাল হোসেন মিহাজির ছেলে এবং শাহজালাল দফাদার জাফ্রাখালী গ্রামের মো. ছিদ্দিকুর রহমান দফাদারের ছেলে। তারা উভয়েই বুকাবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করে আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান বলেন, “মাদকের বিরুদ্ধে বামনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
বামনা থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।