
বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা সীমান্তবর্তী এলাকায় কৃষক কবির ব্যাপারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত কবির ব্যাপারীর স্বজন, স্থানীয় নারী—পুরুষ ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকাশ্য দিবালোকে কবির ব্যাপারীকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হলেও ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেফতার করা হয়নি। তারা দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মোবাইল ফোনে কবির ব্যাপারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাবিল হাওলাদার, সেলিম ব্যাপারী, জাকির ব্যাপারী, আনোয়ার ব্যাপারী, জামাল ব্যাপারী ও ড্রেজার মিজান হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কদমতলা ব্রিজ থেকে গাজিরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় কদমতলা ব্রিজ সংলগ্ন কাজিরহাট থানা সীমান্ত এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইউসুফ ব্যাপারী, ফোরকান মাঝি, কলম সরদার, আনিচ ব্যাপারী, হারুন শিকদার, নুরুল ইসলাম, বিষাই খান, মোখলেছুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, কবির ব্যাপারী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।