
বরগুনার বামনায় পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম খোকন ওরফে ‘চান্দি খোকন’কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর বামনা সদর ইউনিয়নের সোনাখালী গ্রামের গাজীরপুল এলাকার শিকদার বাড়ির সামনে ইটের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে বামনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খানের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীরপুল সংলগ্ন এলাকায় অভিযান চালান।
পুলিশের দাবি, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম খোকন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।
গ্রেপ্তার সাইফুল ইসলাম খোকন বামনা উপজেলার বাসিন্দা মোঃ হারুন চৌকিদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।