, , ,
বরগুনায় যুবলীগের মশাল মিছিল

বরগুনায় যুবলীগের মশাল মিছিল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে বরগুনার আমতলীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমতলী পৌর শহরের ঢাকা—কুয়াকাটা মহাসড়কের এ কে স্কুলসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন আমতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরিফ—উল—হাসান।

মিছিলকারিরা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় তারা প্রত্যাখ্যান করেছেন।

কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও বরগুনা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ইঞ্জিনিয়ার শামীম খান বলেন, রায়ের প্রতিবাদে আমতলীতে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—২ আওয়ামী লীগের সাত নেতাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন। ওই তালিকায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলও রয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, একটি ভিডিও লিংক দেখছি। তবে এটি বর্তমানের নাকি আগের করা সেটি পর্যালোচনা করে দেখা হচ্ছে। এবং অনেক সময় করলেও গোপনে করেই দ্রুত পালিয়ে যায় এরা। তবে আমাদের আইন—শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সবসময়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost