
পটুয়াখালীর বাউফল পৌর শহরের পৃথক কয়েকটি স্থানে একাধিক বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাবলিক মাঠ, গোলাবাড়ী, কুন্ডপট্টী ও উপজেলা পরিষদের গেটসংলগ্ন বকুলতলা মোড় এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মিনিটের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন স্থান থেকে পরপর কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় বাসিন্দা বিপুল চক্রবর্তী জানান, বাজার রোডের চিকেন মার্কেটের সামনে দুটি বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এর একটি পানিতে পড়ে বিস্ফোরিত হয়নি।
পাবলিক মাঠের চা বিক্রেতা নোমান আহম্মেদ বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে মাঠের দক্ষিণ পাশে মহাসড়কের ওপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। একই সময়ে মাঠের আশপাশ থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এগুলো শক্তিশালী কোনো বিস্ফোরক নয়, সাধারণ চকলেট বোমা বা শব্দবাজি হতে পারে। আতঙ্ক সৃষ্টি করতে কোনো পক্ষ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’