
বরিশালের মেহেন্দিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “দেশটা আমাদের সবার। আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করব। এটি কোনো জাতি বা ধর্মের বিষয় নয়। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি, আগামীতেও একসঙ্গেই বসবাস করব।”
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক। পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া।