
মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে বরিশালে ভাষানচর কল্যাণ সমিতির উদ্যোগে বিশেষ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার ভাষানচর নবারণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
“মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে দুটি দল—প্রেসিডেন্ট কিংস ও সেক্রেটারি চ্যালেঞ্জার। খেলাকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষানচর কল্যাণ সমিতির সভাপতি এম. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আকন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী আকন ও মনিরুজ্জামান মনির।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত ভাষানচর গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
এ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার সামাজিক আন্দোলনে অংশ নিতে ভাষানচরের সর্বস্তরের মানুষ, ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছে ভাষানচর কল্যাণ সমিতি।