
মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা গ্রামের জামাইপাড়া এলাকায় রান্না করার সময় অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।
ঘটনায় ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টান করতে গিয়ে টিনের আঘাতে একজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক সাজ্জাদ হোসেন সোহেব জানান, একটি সেমিপাকা ঘরে তিনটি পরিবার ভাড়ায় বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে রান্না করার সময় অসাবধানতাবশত চুলা থেকে পাটখড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়। এ সময় ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে টিনের আঘাতে একজন আহত হন।
তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন পুরোপুরি নির্বাপণ করতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ এখনো সম্পন্ন হয়নি।