
বরিশালে মায়ের স্বর্ণালংকার চুরি করে বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্য মাদকাসক্ত ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশালে মায়ের স্বর্ণালংকার চুরি করে বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্য মাদকাসক্ত ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে চারজনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নগরীর কাউনিয়া কমিশনার গলির সৈয়দ সোহাগের ছেলে সৈয়দ রিফাত (১৬), তার বন্ধু ও কিশোর গ্যাংয়ের সদস্য কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা জসিম হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (১৬), প্রতারক চক্রের সদস্য কাউনিয়া মনষা বাড়ি গলির শাহজাহান তালুকদারের ছেলে সাজিদ তালুকদার (৩০) ও একই এলাকার মানিক লালের ছেলে বিশ্বজিৎ লাল (২৫)।
কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ জানান, সৈয়দ সোহাগের ছেলে সৈয়দ রিফাত কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদকাসক্ত।
কয়েক দিন আগে রিফাত তার মায়ের এক ভরি ওজনের দুটি হাতের রুলি চুরি করে। পরে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে ওই রুলি বিক্রি করতে বিশ্বজিৎ ও সাজিদের কাছে যায়। বিশ্বজিৎ ওই রুলির হুবহু এক জোড়া রুলি এনে দিয়ে সেগুলো স্বর্ণের নয় বলে জানিয়ে প্রতারণা করেন।
এ ঘটনায় সৈয়দ সোহাগ থানায় অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে সাজিদ ও বিশ্বজিতের কাছ থেকে স্বর্ণের তৈরি দুটি রুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি।