
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযান—২০২৬—এর আওতায় অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক অপর একজন শিশু হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গলাচিপা উপজেলার রতনদী—তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে মো. বাহাদুর হোসাইন (৩০), মো. মতি খলিফার ছেলে মো. আলাউদ্দিন (৩২) এবং ইসাহাক হাওলাদারের ছেলে মো. সোহাগ (৩২)।
অন্যদিকে, আটক অপর ব্যক্তি শিশু হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে নিষেধাজ্ঞার সময় মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।