
পটুয়াখালীর দশমিনায় ৫৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মর্দনা গ্রামের একটি সেতুসংলগ্ন পাকা ভবনের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গত কয়েক মাস ধরে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়াতেন। তাঁর পায়ে পচনজনিত রোগ দেখা দেওয়ায় কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মর্দনা সেতুসংলগ্ন একটি পাকা ভবনের নিচে আশ্রয় নেন।
বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা তাঁর পায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরিকল্পনাও করেছিলেন এলাকাবাসী। কিন্তু সকালে স্থানীয়রা গিয়ে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফনের জন্য পটুয়াখালী মফিদুল আঞ্জুমান সংস্থার কাছে হস্তান্তর করা হবে।