
বরগুনার বিষখালী নদীতে বাবা—মায়ের সঙ্গে গোসল করতে নেমে ইহান নামের ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে বরগুনা সদরের বড়ইতলা ফেরিঘাট সংলগ্ন ব্রিকফিল্ডের পাশে বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ইহানের বাবা নজির হোসেন শহরের বরগুনা ইসলামিয়া বস্ত্রালয়ে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাবা—মায়ের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নামে শিশু ইহান। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে চোখের পলকে সে নিখোঁজ হয়। পরিবার ও আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটির আর কোনো সন্ধান পাননি।
ঘটনার পর থেকে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ শিশু ইহানের মা—বাবা এবং স্বজনরা নদীর তীরে আহাজারি করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।