
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালের উজিরপুরে আলোচনা সভা, কেক কাটা ও শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) প্রথম প্রহরে এ কর্মসূচি পালন করেন বলে দাবি করা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, একটি রুমের মধ্যে এ অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা। পরে উপস্থিত নেতাকর্মীদের লিখিত শপথবাক্য পাঠ করান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু।
ব্যানারে দেখা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উজিরপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় উজিরপুর উপজেলা যুবলীগের সদস্য মো. শাওন বালী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ধরেন।
এ সময় গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির খান, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদার, সহসভাপতি মামুন হাওলাদার, বামরাইল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সালমান কবির, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রফিক খান, শোলক ইউনিয়ন যুবলীগের সদস্য সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু বেপারী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ভিডিওটি দেখেছি। তবে এটি উজিরপুরেই হয়েছে কি না তা আমরা নিশ্চিত নই। ভিডিওতে দেখা গেছে, একটি রুমের মধ্যে কয়েকজন কেক কেটে শপথ করছে। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।