
বরগুনার বামনায় সড়ক দুর্ঘটনায় মোসা. আসমা বেগম (৩৩) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের হলতা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের উন্নতশির সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামের মান্নান হাংয়ের মেয়ে। তিনি ডৌয়াতলা গাজী হায়দার প্রি-ক্যাডেট অ্যান্ড আঞ্জুমানারা গার্লস হাইস্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী মো. এনামুল হক ফুলঝুড়ি কৃষি ব্যাংক শাখায় কর্মরত। এনামুল হকের পৈতৃক বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আরজি নলবুনিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর আসমা বেগম তাঁর দুই বছরের ছোট মেয়ে হুমায়রা আক্তারকে সঙ্গে নিয়ে সড়ক পার হয়ে উন্নতশির সংলগ্ন একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উত্তর দিক থেকে আসা একটি ডায়া গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িচালক মো. জাহিদুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক গাড়িটির একটি টায়ারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং গাড়িচালক জাহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।