
বরিশালের মেহেন্দিগঞ্জে গভীর রাতে একটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গরুটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এতে গরুটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ১২ নম্বর দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাবনের চর এলাকায় মো. ফিরোজ মোল্লার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফিরোজ মোল্লা জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা গোয়ালঘর থেকে গাভীটি নিয়ে যায়। সকালে বিষয়টি টের পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ফিরোজ মোল্লা একজন পরিশ্রমী ও নিরীহ মানুষ। দীর্ঘদিনের কষ্ট ও সঞ্চয়ের মাধ্যমে গড়ে তোলা সম্পদের মধ্যে গরুটি ছিল তার পরিবারের জীবিকা ও আয়ের অন্যতম অবলম্বন। গরুটি চুরি যাওয়ায় পরিবারটি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবার গরুটি উদ্ধারে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।