, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক কর্মকর্তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান, অর্থদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

আটক কর্মকর্তাদের অভিযোগ, নিজ নিজ কার্যালয় থেকে তাঁদের মারধর করে তুলে এনে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে আনা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাঁদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁর অনুসারীরাও বিভিন্নভাবে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের অনুসারীদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না।

শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু কেউ কেউ সেই সুযোগ কাজে না লাগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সারাদেশে পতিত ফ্যাসিস্ট শক্তি বিক্ষিপ্তভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়েও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost