
ভোলা—চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় মো.শাহাজান কবির (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ঘটনা ঘটে।
নিহত শাহজান কবির লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমোহন শহরের সানমুন টাইলসের মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে শাহজাহান কবির মোটরসাইকেল চালিয়ে লালমোহন উপজেলা শহরের দিকে আসছিলেন। এরমধ্যে লালমোহনের দিক থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল দ্রুতগতির বাসটি। এ সময় বাসটি গজারিয়া এলাকায় পৌঁছালে শাহজাহান কবিরকে চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি৷ পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকালে বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার ঢাকা পোস্টকে বলেন, বাস এবং বাসের চালককে চিহ্নিত করাসহ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।