
বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদ মাইনুদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) রাতে মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাইনুদ্দিন তেরচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আলাবক্স হাওলাদারের ছেলে। তার মায়ের নাম ফরিদা বেগম।
থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ মাইনুদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে আরও দাবি করা হয়েছে, তিনি ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।
মাইনুদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার মাইনুদ্দিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।