
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ব্যক্তিস্বার্থ পরিহার করে সবাইকে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু আজকে আওয়ামী লীগের আচরণের মাধ্যমে এটা দেশ ও মানুষের কল্যাণের রাজনীতি—তা বোঝা যাচ্ছে না। এসব জ্বালাও—পোড়াও দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আসুন, আমরা সবাই বিএনপি, আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল আছে সবাই একসঙ্গে বসি। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো—মন্দের সঙ্গে আমরা জড়িত। আমরা চাই, এদেশটা সুন্দর দেশ হবে। সবাই একসঙ্গে কাজ করব এবং সকল ব্যক্তি স্বার্থ পরিহার করব।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এদেশের সন্তান। আমরা লক্ষ্য করছি, আওয়ামী লীগের নামে দেশে যে ধরনের আচরণ করছেন—ভাঙচুর, জ্বালাও—পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদ নষ্ট করা ও থানাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটি কোন ধরনের রাজনীতি?’
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র—জনতা বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জীবন দিয়েছিল উল্লেখ করে চরমোনাই পীর বলেন, সেই আশা—আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। যাদের রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম, পুরোনোরাই নতুনভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ক্ষমতায় আসার আগে, গণভোটের রায় বাস্তবায়নসহ আপনাদের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন।’
বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে চরমোনাই পীর বলেন, ‘আপনারা কী করতে চান? জনগণের রায় বাস্তবায়ন না করে দেশ চালানো অসম্ভব।’
ইসলামকে সামনে রেখে দেশ পরিচালনা করা গেলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে মন্তব্য করে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সবাই একসঙ্গে হলে ইতিহাস বলছে—দেশের মধ্যে আল্লাহর রহমতে একটা স্বর্ণের যুগ তৈরি হবে। বর্তমান ও সাবেক সরকারগুলোর নীতি—আদর্শ ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি—আদর্শ রয়েছে, সে নীতি—আদর্শের নাম ইসলাম।’
ভোলাবাসীর দীর্ঘদিনের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি ভোলা জেলাকে সড়কপথে মেহেন্দিগঞ্জ—হিজলা হয়ে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার সরকারের চিন্তাভাবনা পরিবর্তনের দাবি জানান। তিনি বলেন, ‘এটা অযৌক্তিক। ভোলাবাসী চায় ভোলা—বরিশাল ব্রিজ। ভোলা—বরিশালের ওপর দিয়েই ব্রিজ হতে হবে।’
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ আল আমীন।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সহসভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। পরে তিনি নবনির্বাচিত কমিটির সভাপতি ইসরাফিল হোসেন মামুন, সহসভাপতি এইচ এম হাবিবু