শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

কাউখালীতে ৪০ বছর ধরে দ্বারে দ্বারে নেহারুল বেগম: মাথা গোঁজার ঠাঁই চান ষাটোর্ধ্ব এই নারী

কাউখালীতে ৪০ বছর ধরে দ্বারে দ্বারে নেহারুল বেগম: মাথা গোঁজার ঠাঁই চান ষাটোর্ধ্ব এই নারী

অভাবের তাড়নায় জীবনের সোনালী সময়গুলো মানুষের দ্বারে দ্বারে কাটিয়ে দিয়েছেন নেহারুল বেগম (৬০)। পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের এই অসহায় নারী গত ৪০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। স্বামী-সন্তান থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি অন্যের ভিটায় আশ্রিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেহারুল বেগমের স্বামী শাহাদত হোসেন জীবিত থাকলেও দীর্ঘকাল ধরে পরিবারের কোনো খোঁজখবর নেন না। ফলে বৃদ্ধা শাশুড়ি, এক ছেলে ও এক মেয়ের ভরণপোষণের দায়িত্ব একা নেহারুলকেই বইতে হচ্ছে। বর্তমানে তিনি গান্ডতা গ্রামের সোমেদ মিস্ত্রির বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সরেজমিনে দেখা যায়, বয়সের ভারে নুইয়ে পড়া নেহারুল বেগম এখন নানা রোগে আক্রান্ত। ঠিকমতো চোখেও দেখেন না। তবুও পেটের তাগিদে প্রতিদিন বের হন ভিক্ষার ঝুলি নিয়ে। চোখের পানি মুছে তিনি বলেন, প্রতিদিন ৩-৪ কেজি চাল ভিক্ষা পাই, তা দিয়ে কোনোমতে দিন কাটে। কিন্তু এখন আর শরীর চলে না, টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছি না। আমার নিজের কোনো ঘর নাই। মরার আগে সরকার যদি একটা ঘরের ব্যবস্থা করে দিত, তবে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতাম।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, “নেহারুল বেগম অত্যন্ত অসহায়। এই বয়সে ভিক্ষা করা তার জন্য খুবই কষ্টকর। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করি। প্রতিবেশী আমেনা বেগম জানান, অসুস্থ শরীর নিয়ে তার এই জীবনসংগ্রাম দেখে গ্রামবাসী মর্মাহত। বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত।
উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান বলেন,  নেহারুল বেগম যদি সমাজসেবা অধিদপ্তরের কোনো ভাতার আওতায় আনার সুযোগ থাকলে তাকে ভাতার আওতায় আনার ব্যবস্থা করা হবে। এছাড়াও তার জীবনমান উন্নয়নে অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধা দেওয়া যায় কি না, তাও আমরা খতিয়ে দেখব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, কাউখালী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্প চলমান রয়েছে। নেহারুল বেগমের যদি নিজের জমি বা ঘর না থাকে, তবে আমরা সরকারি নিয়ম অনুযায়ী তাকে একটি ঘর প্রদানের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব। এছাড়া তার চিকিৎসার বিষয়েও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেষ্টা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost