বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ভাতার টাকা পাঠানোরস্থানে ভাতাভোগীর মোবাইল নাম্বার না দিয়ে নিজ ছেলের মোবাইল নাম্বার দিয়ে বয়স্ক ভাতার টাকা উত্তোলণ করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যর বিরুদ্ধে।
এ ঘটনায় ভাতাভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া গ্রামের।
ওই গ্রামের বাসিন্দা লিয়াকত আলী খান অভিযোগ করে বলেন, স্থানীয় ইউপি সদস্য সোলায়মান মৃধা আমার নামে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে দুই বছর পূর্বে আমার কাগজপত্র নেয়।
পরবর্তীতে আমার নামে একটি বয়স্ক ভাতা হয়। বয়স্ক ভাতা আমার নামে হলেও ইউপি সদস্য সোলায়মান তার নিজের ছেলের ০১৬৩০—৪০৪৬২৩ মোবাইল নাম্বার দিয়ে আমার বয়স্ক ভাতার টাকা আত্মসাত করে আসছে।
ভাতাভোগীর ছেলে সাহাদাত খান অভিযোগ করে বলেন, ইতোমধ্যে ভাতার ছয়মাসের টাকা আত্মসাত করেছে ইউপি সদস্য সোলায়মান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও আমরা প্রতিবাদ করায় তার পক্ষে মিথ্যে বলার জন্য আমাদেরকে হুমকি প্রদান করা হচ্ছে।
এ বিষয়ে ইউপি সদস্য সোলায়মান মৃধা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। আমার ছেলের নাম্বারে কোন টাকা ঢুকেনি। আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। আমার বিরুদ্ধে অপপ্রচার করায় থানায় লিখিত অভিযোগ করেছি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, গত তিনমাস পূর্বে লিয়াকত আলী খানের নামে একটি বয়স্ক ভাতা হয়। ভাতা হওয়ার পরপরই ভাতাভোগীর ফরমে দেওয়া ০১৬৩০—৪০৪৬২৩ নাম্বারে তিনমাসের টাকা প্রেরণ করা হয়েছে। আরো তিনমাসের টাকাসহ মোট তিন হাজার নয়শ’ টাকা ওই নাম্বারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভাতাভোগী লিখিত অভিযোগ দিলে নাম্বার পরিবর্তনসহ ব্যবস্থা গ্রহন করা হবে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ভাতাভোগী পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।