শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
দেশের বিভিন্ন নদ—নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও ১১টি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ থেকে ২১ মে পর্যন্ত দেশের বিভিন্ন নদীপথে অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।
একই সময়ে নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৯৬টি মামলা দায়ের করেছে নৌ পুলিশ। এর মধ্যে রয়েছে তিনটি হত্যা, ১১টি অপমৃত্যু, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, একটি বালুমহাল আইন, একটি মাদক আইন, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা।
নৌ পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাছ শিকারের জন্য নদীতে স্থাপিত ১৭৯টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ—আদালতে মামলা করা হয়েছে। পাশাপাশি দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
নৌ পুলিশের দাবি, নদীপথে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ মৎস্য আহরণ বন্ধ এবং বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নদী ও জলজ সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।