শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকা থেকে যুবলীগ নেতা আটক ৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’ কাজিরহাটে মাদকের রমরমা কারবার, ধ্বংসের মুখে যুবসমাজ: নেপথ্যে প্রভাবশালী ও পুলিশের ‘তথ্য ফাঁস’ অবৈধভাবে মাছ শিকার ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু পটুয়াখালী মেডিকেল কলেজ: কলেজে পদ নেই, তবু তিনি ‘উপাধ্যক্ষ’ ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্র নিহত পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন
নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

বরগুনার পাথরঘাটায় আদালতের নির্দেশে করা একটি মামলার নারী বাদী ফাতিমা জোমাদ্দার অর্পার ওপর হামলার অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি বাদশা আকনের বিরুদ্ধে।

এ ঘটনার আগে মামলা গ্রহণে বিলম্ব এবং বাদীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে পাথরঘাটা থানায় আসার পথে অর্পার পথরোধ করে তাকে মারধর এবং একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বাদীকে উদ্ধার করা হয়েছে।

অর্পার অভিযোগ, মামলার প্রধান আসামিকে বুধবার রাতে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। এর পরদিনই তিনি হামলার শিকার হন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ মে বরগুনার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান ফাতিমা জোমাদ্দার অর্পার দায়ের করা অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পাথরঘাটা থানার ওসিকে নির্দেশ দেন।

তবে বাদীর দাবি, আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মামলা নিতে বিলম্ব করা হয়। এমনকি আদালতের আদেশ নিয়ে থানায় গেলে সহযোগিতার পরিবর্তে অপমানজনক আচরণের মুখোমুখি হতে হয় তাকে।

অর্পার ভাষ্য অনুযায়ী, ওসি মোহাম্মদ এনাম তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার’। এ ঘটনায় তিনি নিজেকে অপমানিত ও বিব্রত বোধ করেন। ওই সময় সাবেক পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে মরিয়ম চৌধুরী জেবু বলেন, ‘আমার উপস্থিতিতে ওসি মামলার বাদী অর্পাকে উদ্দেশ করে ‘আপনি সেই মাল?’ বলে মন্তব্য করেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই বিব্রত হয়েছিল। আদালতের নির্দেশনা যথাসময়ে বাস্তবায়ন এবং আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে হয়তো পরবর্তী ঘটনা এড়ানো যেত।’

অর্পা আরও অভিযোগ করেন, গত ১৪ জুন মামলার বিষয়ে কথা বলতে ওসির সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও সাড়া পাননি। পরে ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে মামলার বিষয়ে কথা না বলে কেন ব্যক্তিগত নম্বরে ফোন করা হয়েছে, তা নিয়ে তাকে জবাবদিহি করতে বলা হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ এনামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন, ওসির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসির সরকারি ফোনে যোগাযোগ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওসির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও শোনা গেছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost