মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

কাউখালীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও প্রণোদনা বিতরণ

কাউখালীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও প্রণোদনা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)—এর উদ্যোগে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস—২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু এবং বিআরডিবির সুফলভোগী শারমিন সুলতানাসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম বিল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সুফল গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

তিনি আরও বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে টেকসই উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করা।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিআরডিবির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, সঞ্চয় কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, “দিবসটি উপলক্ষে ২৭ জন সদস্যের মাঝে মোট ১১ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি গাছের চারা বিতরণ, কিশোরী সংঘের সদস্যদের প্রণোদনার চেক প্রদান এবং শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসব কার্যক্রম গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে অতিথিরা ঋণের চেক, গাছের চারা এবং প্রণোদনা বিতরণ করেন। পরে শ্রেষ্ঠ উপকারভোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিআরডিবির সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost