মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

তালতলী সংরক্ষিত বনভূমি দখল মামলায় ৫ আসামি কারাগারে

তালতলী সংরক্ষিত বনভূমি দখল মামলায় ৫ আসামি কারাগারে

বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গাছ কাটা ও পাচার, মাটি খনন এবং পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) আমতলী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— মাসুদ খা (৫০), শহীদ আকন (৩৫), সবুজ ফকির (৩০), কুডি মোল্লা (৫০) এবং নেকিয়ার (৩৪)।

মামলার অভিযোগে বলা হয়েছে, তালতলীর নিদ্রা সৈকতের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গাছ কাটা, বনজ সম্পদ পাচার, মাটি খনন এবং পাকা স্থাপনা নির্মাণের মাধ্যমে পরিবেশ ও বনভূমির ক্ষতি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি শহীদ আকন, স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজনের নেতৃত্বে সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় পরিবেশকর্মীরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সংরক্ষিত বনভূমি রক্ষার দাবিতে তারা মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া পরিবেশকর্মীদের বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আসামিদের কারাগারে পাঠানোর আদেশকে স্বাগত জানিয়ে পরিবেশকর্মীরা বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় আইনি পদক্ষেপ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। একই সঙ্গে তারা নিদ্রা সৈকতের বনভূমি দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost