মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলার প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

হিজলার প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

বরিশালের হিজলা উপজেলার মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই নির্বাচনী কার্যক্রম স্থগিত এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক .এস এম শাহ আলম গত ৮ জুলাই হিজলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে তদন্তের দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত সরকারি বিধিমালা উপেক্ষা করে কোনো প্রকার নির্বাচনী তফসিল ঘোষণা বা প্রচার করা হয়নি। সাধারণ অভিভাবকদের অন্ধকারে রেখে ভোটার তালিকা প্রদর্শন এবং মনোনয়ন ফরম বিক্রির শুরু ও শেষ তারিখ সম্পূর্ণ গোপন রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী এস. এম. মনির হোসাইন জানান, তাঁর ছেলে মোহাম্মদ নূর সাইন হোসাইন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। একজন নিয়মিত শিক্ষার্থীর অভিভাবক হওয়া সত্ত্বেও তাঁকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে এবং প্রার্থিতা থেকে বঞ্চিত করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নানান কূটকৌশলের আশ্রয় নেন। এমনকি বিদ্যালয় প্রাঙ্গণে আইন ও গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে কোনো বৈধ কারণ ছাড়াই তাঁকে নাজেহাল, অপমান ও অপদস্থ করা হয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, সাধারণ অভিভাবকদের মতামত ও অংশগ্রহণকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের সুবিধামতো কয়েকজন ব্যক্তিকে নিয়ে গোপনে একটি ‘পকেট কমিটি’ গঠনের পাঁয়তারা করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই অনিয়ম ও একপাক্ষিক স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের সাধারণ অভিভাবকদের মনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, যা শিক্ষার সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই পরিস্থিতিতে মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিতর্কিত ও নিয়মবহির্ভূত নির্বাচনী কার্যক্রম অবিলম্বে স্থগিত ঘোষণা করে একটি স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় পুনরায় তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে। একই সাথে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আবেদন জানান ভুক্তভোগী অভিভাবক।

অনিয়মের অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, এস.এম মনির হোসাইন বিদ্যালয়ে না জানিয়ে তার ছেলেকে পার্শ্ববর্তী মাদ্রাসায় ভর্তি করেছিলেন। এ বিষয়ে অন্যান্য অভিভাবকেরা অভিযোগ করায় তিনি ম্যানেজিং কমিটির নির্বাচন করতে পারেননি। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ করেছেন। হিজলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রোমান্স আহম্মেদ জানান, মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কমিটি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার জানান, বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost