, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
নৌকা-ট্রলার থেকে চাঁদা আদায়: স্বপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ আদালতের

নৌকা-ট্রলার থেকে চাঁদা আদায়: স্বপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ আদালতের

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বরিশালের কীর্তনখোলা নদীর ত্রিশ গোডাউন পর্যটনকেন্দ্র এলাকায় ভাড়ায় চালিত নৌকা ও ট্রলার থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। একজন পুলিশ কর্মকর্তাকে বাদী (এজাহারকারী) করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ও জাস্টিস অব দ্য পিস এস এম শরিয়ত উল্লাহ এ আদেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, গত ১০ জুলাই জাস্টিস অব দ্য পিস নিজে ঘটনাস্থলে অবস্থানকালে কীর্তনখোলা নদীর তীরে নৌকা ও ট্রলার থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনা প্রত্যক্ষ করেন। এ সময় গোপনে চাঁদা আদায়ের একটি ভিডিও ধারণ করা হয়।

পরে ঘটনাস্থলে থাকা একাধিক মাঝির সঙ্গে কথা বলে জানা যায়, সাঈম নামের এক ব্যক্তি তার প্রতিনিধিদের মাধ্যমে প্রতিদিন ত্রিশ গোডাউন এলাকার নৌকা ও ট্রলার থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছেন।

স্থানীয় মাঝিদের অভিযোগ, আগে কখনো এ এলাকায় এ ধরনের চাঁদা দিতে হয়নি। অবৈধ এই চাঁদা আদায়ের কারণে তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন, তেমনি এখানে ঘুরতে আসা পর্যটকদেরও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

আদালত তার পর্যবেক্ষণে আরও উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ড গুরুতর আইন লঙ্ঘন এবং এটি একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। জনস্বার্থ ও ন্যায়বিচারের স্বার্থে এ বিষয়ে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এছাড়া মামলার তদন্ত প্রতিবেদনে অবৈধ অর্থ আদায়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম বলেন, “আদালতের নির্দেশনার বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এখনো আদেশের অনুলিপি হাতে পাইনি। আদেশের কপি পাওয়ামাত্রই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost