ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০—১২ জন।
রবিবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রী মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের বাসটি । বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আরেকটি বাসকে ওভারটেক করার সময় চাকা ফেটে যাওয়া এবং বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে যায়।
এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটির সামনের চাকা ফেটে যায়। সেসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজন যাত্রীর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।