, , ,
শিরোনাম
সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি সরওয়ারের ৬ ঘণ্টা বিলম্ব, ক্ষুব্ধ কৃষকরা

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি সরওয়ারের ৬ ঘণ্টা বিলম্ব, ক্ষুব্ধ কৃষকরা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বরিশাল সদর উপজেলা পরিষদে কৃষি প্রণোদনা কর্মসূচির একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় পৌনে ৬ ঘণ্টা পর উপস্থিত হয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা শতাধিক কৃষকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সরকারি কর্মকর্তাও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে ২০২৫–২৬ অর্থবছরের খরিপ–২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নির্ধারিত সময় ছিল সকাল ৯টা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকেই সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৩৫০ থেকে ৪০০ কৃষক হলরুমে উপস্থিত হন। তবে প্রধান অতিথি সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার অনুষ্ঠানস্থলে পৌঁছান দুপুর ২টা ৪৬ মিনিটে। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অনেক কৃষক বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

শায়েস্তাবাদ ইউনিয়নের কৃষক আবুস সাঈদ বলেন, “সকাল ৯টা থেকে আমাদের হলরুমে বসিয়ে রাখা হয়েছে। ৫-৬ ঘণ্টা অপেক্ষা করিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি করা ঠিক হয়নি।”

একই ইউনিয়নের কৃষক রফিক হাওলাদার বলেন, “আমরা দিন আনি দিন খাই। আমাদের এভাবে বসিয়ে রেখে একটি দিনের কাজ নষ্ট করা হয়েছে। এমপি সাহেব যদি নির্ধারিত সময়ে আসতে না পারেন, তাহলে আগে থেকেই জানানো উচিত ছিল।”

জাগুয়া ইউনিয়নের কৃষক ইদ্রিস অভিযোগ করে বলেন, “৪-৫ ঘণ্টা ধরে শুনছি এমপি সাহেব আসবেন। কিন্তু সময়মতো আসেননি। বিরক্ত হয়ে অনেক কৃষক বাড়ি ফিরে গেছেন। সকাল ৯টার অনুষ্ঠান বিকেল ৩টায় হওয়া স্বাভাবিক নয়।”

অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত ছিল। সকাল থেকেই সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বারবার আসার আশ্বাস দেন। তবে দীর্ঘ বিলম্বের কারণে কৃষকদের অসন্তোষের মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সাংবাদিকরা জানান, আগের দিন বুধবার বরিশাল জিলা স্কুলে আয়োজিত প্রথম বার্ষিক মেধা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানেও নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর উপস্থিত হন সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার। তাদের দাবি, বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত বিলম্বে উপস্থিত হওয়ার কারণে সাধারণ মানুষ ও আয়োজকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost