
পটুয়াখালীর গলাচিপায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দেরহাট খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম মোল্লার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া তার মায়ের সঙ্গে কলাগাছিয়া এলাকা থেকে অটোরিকশাযোগে আমখোলায় নানাবাড়িতে যাচ্ছিল। পথে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্বজনরা শিশুটির মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল সিকদার জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।