
বরিশালের কাজিরহাট থানার ব্যাংকেরহাট বাজার এলাকার গুরুত্বপূর্ণ একটি সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ এ ব্রিজের ওপর দিয়েই প্রতিদিন হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক অফিস এবং কৃষিপণ্য পরিবহনসহ হাজারো মানুষ যাতায়াত করেন।
স্থানীয়রা জানান, ব্রিজটি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বাতাসেই সেতুটি দুলতে থাকে, ফলে পথচারীরা আতঙ্ক নিয়ে চলাচল করেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু ও বয়স্কদের জন্য এটি বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
ব্যাংকেরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্রিজটির সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। কৃষিপণ্য পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যা।
এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্রিজটি মেরামত বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের হস্তক্ষেপ কামনা করে বলেন, অচিরেই যেন ব্যাংকেরহাটের ভাঙা ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার করা হয়, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।
স্থানীয়দের মতে, ব্রিজটির দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।